বিজিবি-পুলিশ-র্যাব অভিযানে হল ছেড়েছেন দেশের সর্বোচ্চ শিক্ষা
প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বিকালে তিন বাহিনীর
অভিযানে টিকতে পারনি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
এরপর থেকেই ক্রমেই ফাঁকা হতে থাকে ক্যাম্পাস।
বিভিন্ন উৎস থেকে খোঁজ নিয়ে জানা যায়, বুধবার বিকালে এক প্রকার
জোরপূর্বক শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয়া হয়। পুলিশের টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেডের
মুখে বাধ্য হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তারা। তারপরও কেউ কেউ ক্যাম্পাসে থেকে যান। কিন্তু
রাতে বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়ে তাদের হল থেকে বের কর দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ইন্টারনেট সুবিধাও বন্ধ রয়েছে।
এ বিষয়ে ওবায়দুর রহমান সোহান বণিক বার্তাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের আশপাশে মোবাইল নেটওয়ার্কের খুবই বাজে অবস্থা, ভিপিএন দিয়েও কোনো কাজ হচ্ছে
না।
নাম প্রকাশে অনিচ্ছুক জসীম উদ্দীন হলের একজন কর্মচারী বলেন,
গেটে তালা দেয়া। ভেতরে কেউ নেই। আমিও বিকালে বাড়ি চলে যাবো।
এদিকে, রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আন্দোলনকারীদের
জমায়েতের খোঁজ পাওয়া যায়। তারা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ
করে দেয়।
তবে ছাত্রলীগ নেতাকর্মীরা আজকের মধ্যে হলে প্রবেশের কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একজন হল ক্যান্ডিডেট বণিক বার্তাকে বলেন, হলে আর কোনো স্বাধীনতা বিরোধী নেই। ক্যাম্পাস এখন আমাদের (প্রশাসন) দখলে। উপরের নির্দেশনা পাওয়া মাত্র হলে ঢুকবো।
আজকে দিনের মধ্যে হলে প্রবেশের নির্দেশনা আসতে পারে বলে তিনি
আশা প্রকাশ করেন।










