ময়মনসিংহের হালুয়াঘাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম মো. খাইরুল ইসলাম (৪০)। তিনি গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। স্থানীয়রা বলছেন, নিহত যুবক ভারত থেকে গরু চোরাকারবারীতে যুক্ত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টায় হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে ১১২৪ নং মেইন পিলার (৫-এস) সংলগ্ন এলাকা দিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন খাইরুল। এ সময় ভারতের গাছুয়াপাড়ায় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ-৫৫) টহলরত দল তাকে উদ্দেশ্য করে গুলি করে। বিএসএফের গুলিতে মো. খায়রুল ইসলাম (৪০) গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোপনে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আমি রাত ১০টায় বিষয়টি জেনেছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে।

উল্লেখ্য যে, গত ২১ জুন একই সীমান্তে আব্দুল জলিল (২৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়।