ঈদুল আজহার আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছে শিল্প পুলিশ। একই সঙ্গে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করে প্রবাসে অবস্থানরত শিল্প মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য সংগঠনগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
গতকাল শিল্প পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান। ঈদুল আজহা উপলক্ষে শিল্প-কারখানাগুলোয় আইন-শৃঙ্খলা রক্ষা ও শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ বিষয়ে শিল্প পুলিশের সঙ্গে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএর নেতাদের সঙ্গে বেপজা, কলকারখানা অধিদপ্তর, শ্রম অধিদপ্তরের প্রতিনিধিদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাহাবুবর রহমান বলেন, ‘ঈদ উদযাপনের আগেই সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিল্প-শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করতে হবে। মালিকরা যদি শ্রমিকদের বেতন এবং ভাতা যথাসময়ে পরিশোধ করেন তাহলে শিল্প খাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকবে এবং আমাদের মহাসড়কগুলো নিরাপদ থাকবে। যেসব শিল্প-কারখানার মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস ও পাওনাদি যথাসময়ে পরিশোধ না করে প্রবাসে অবস্থান করেন, তাদের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’
বিজিএমইএ সহসভাপতি মো. নাসির উদ্দিন বলেন, ‘শিল্প পুলিশের মতো কলকারখানা অধিদপ্তর, শ্রম অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে এবং পেশাদারত্বের সঙ্গে কাজ করলে অধিকতর সুফল পাওয়া যাবে। সংগঠনভুক্ত কোনো কারখানা যথাসময়ে ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হলে বিজিএমইএ আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আসন্ন ঈদ কেন্দ্র করে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান বিষয়ে সব পক্ষের পারস্পরিক সমন্বয়ের বিকল্প নেই।’










