গোপালগঞ্জে ফ্রি-ফায়ার খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কবির সরদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির সরদার ওই গ্রামের সাত্তার সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার ভোজরগাতী গ্রামে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার খেলা নিয়ে টিটু সরদারের সঙ্গে হাসান শেখের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় কবির সরদার ও টিপুকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কবির সরদারকে মৃত ঘোষণা করেন। টিটু সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।









