রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা (২৪) নামে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ। সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম থেকে গতকাল সন্ধ্যা সোয়া ৭টায় তাকে উদ্ধার করা হয়। রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার বলেন, ‘সাজেক থানাধীন সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে সাজেক থানা পুলিশ অপহৃত ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ওই ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছেন। দুপুর সোয়া ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে।’

দ্বীপিতা চাকমা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলায়।