বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ সরকার ভয় দেখিয়ে, গুম করে, জোর করে, বন্দুকের জোরে ক্ষমতায় টিকে আছে, মানুষের ভোটে নয়। বিদ্যুৎ নিয়ে নয়-ছয় করেছেন। মনে করেছেন লুটপাট করে পালায়ে যাবেন, কিন্তু সে রাস্তা বন্ধ। দেশের মানুষ আপনাদের বিচার করবে। এখন সময় এসেছে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা এ বয়সেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, আপনাদেরও দাঁড়াতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে গতকাল বিকালে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ জেলা বিএনপি এর আয়োজন করে।
ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উল্লাহ আমানের রায় অন্যায়ভাবে দেয়া হয়েছে দাবি করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ভোট চোর। এ সরকার অবৈধভাবে মানুষের বুকের ওপর চেপে বসে আছে। আমাদের কথা পরিষ্কার, এ সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।’
সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সমাবেশে মির্জা ফখরুল আরো বলেন, ‘আমাদের ৬০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। সিরাজগঞ্জের ২৭ জন নেতাকে হত্যা করা হয়েছে।’










