অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডেই মুখোমুখি হন ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এমা রাদুকানু ও সাবেক চ্যাম্পিয়ন স্লোয়ান স্টিফেনস। এ দুই তারকার লড়াইয়ে জয় হলো রাদুকানুর। অস্ট্রেলিয়ান ওপেনে নিজের অভিষেক ম্যাচে ১৯ বছর বয়সী ব্রিটিশ খেলোয়াড়টি ৬-০, ২-৬, ৬-১ গেমের জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেন।
প্রথম সেটটি একপেশে জিতলেও জয়টা একপেশে হয়নি রাদুকানুর। দ্বিতীয় সেটটি জিতে ম্যাচ জমিয়ে তোলেন স্টিফেনস। যদিও তৃতীয় সেটে ফের কর্তৃত্ব করেন রাদুকানু। ১৯ বছর বয়সী তারকা পরের রাউন্ডে খেলবেন মন্টেনিগ্রোর ডানকা কোভিনিচের বিপক্ষে।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম আসরে শুভসূচনা পেয়েছেন বর্তমান ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইগা সিয়ানতেক, ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ, বর্তমান ইউএস ওপেন চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ, দুবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন গারবিনে মুগুরুজা ও তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। যদিও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন পেত্রা কেভিতোভা।
ব্রিটেনের হ্যারিয়েট ডার্টকে ৬-৩, ৬-০ গেমে হারান ২০ বছর বয়সী পোলিশ খেলোয়াড় সিয়ানতেক। এছাড়া রোমানিয়ান তারকা হালেপ ৬-৪, ৬-৩ গেমে হারান পোল্যান্ডের মাগদালেনা ফ্রেঞ্চকে। অস্ট্রেলিয়ার মাটিতে এটা হালেপের টানা ষষ্ঠ জয়।
২০১৯ আসরের ফাইনালিস্ট ও ২০তম বাছাই কেভিতোভা মেলবোর্ন পার্কে টানা দ্বিতীয় বছর হারলেন রোমানিয়ার সোরানা কিরস্টিয়ার কাছে। কিরস্টিয়া জিতেছেন ৬-২, ৬-২ গেমে। সাবেক উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন মুগুরুজা ৬-৩, ৬-৪ গেমে হারান ফ্রান্সের ক্লারা বুরেলকে।
ছেলেদের এককে বর্তমান ইউএস ওপেন চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ সহজ জয়ে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। রুশ তারকা ৬-১, ৬-৪, ৭-৬ (৭/৩) গেমে সুইজারল্যান্ডের হেনরি লাকসোনেনকে হারান। নোভাক জোকোভিচের অনুপস্থিতিতে এবারের আসরে শীর্ষ বাছাই হিসেবে খেলা মেদভেদেভ দ্বিতীয় রাউন্ডে লড়বেন অস্ট্রেলিয়ার নিক কিরিওসের বিপক্ষে।










