২০২৪-২৫ অর্থবছরের
প্রস্তাবিত বাজেটকে বানরের পিঠা বণ্টনের সঙ্গে তুলনা করেছে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক
ফেডারেশন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের উন্নয়ন ও জিডিপি বৃদ্ধিতে শ্রমজীবী
মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয়নি। প্রতিরক্ষা খাত, কৃষি খাত, যুব খাত ইত্যাদি খাতের
মতো শ্রমিকদের জন্য আলাদাভাবে কোনো খাত রাখা হয়নি। জিডিপিতে যাদের অবদান সবচেয়ে বেশি
সেই শ্রমিকদের জন্য বাজেট শূন্য।
বাংলাদেশ টেক্সটাইল
গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল স্বাক্ষরিত এক বিবৃতিতে
বলা হয়েছে, সরকার শ্রমিকদের শুধু ভোটার ভাবে নাগরিক বা মানুষ বলে মনে করে না। যদি শ্রমিকদের
মানুষ বলে মনে করত তাহলে অন্যান্য খাতের মতো বাজেটে শ্রমিকদের জন্য শ্রমিকখাতে বরাদ্দ
হতো।
বিবৃতিতে আরো বলা হয়,
পরাধীন পাকিস্তান আমলেও শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা ছিল, পার্শবর্তী প্রতিটি দেশে
শ্রমিকদের জন্য রেশনিং ব্যাবস্থা চালু আছে। শ্রমিকদের কল্যাণের কথা মুখে বলা হলেও বাস্তবে
জাতীয় বাজেটে ৬ কোটি শ্রমিকের জন্য কিছুই করা হয় না। জনস্বার্থের কথা বলে ৬ কোটি শ্রমিকের
স্বার্থকে বাদ দিয়ে এ বাজেট করা হয়েছে, প্রকৃত অর্থে এ বাজেট পুরনো পদ্ধতি, এতে নতুনত্ব
বলতে কিছুই নেই। শুধু ধনী ও আমলাদের বিলি-বণ্টনের জন্য এ বাজেট করা হয়েছে। যে কারণে
এ বাজেট বানরের পিঠা বণ্টনের গল্প ছাড়া আর কিছুই না।










