জাতীয় নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী রেঞ্জ পুলিশের নির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ছয় থানায় যৌথভাবে ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ শীর্ষক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত চলা এ অভিযানে ডাকাত, মাদক ব্যবসায়ী, চিহ্নিত অপরাধী ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিসহ মোট ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী রেঞ্জ ডিআইজির নির্দেশনায় ও সার্বিক তদারকিতে পরিচালিত এ অভিযানে দুই জেলার বিভিন্ন থানায় আরআরএফসহ মোট ২৫০ জন অফিসার-ফোর্স মোতায়েন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ এলাকায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ও রাজশাহী রেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রায় ১২৫ জন সদস্য দায়িত্ব পালন করেন। একইভাবে নওগাঁ জেলায় আরআরএফ কমান্ডেন্ট (অতিরিক্ত ডিআইজি) এর নেতৃত্বে নওগাঁ পুলিশ সুপার ও পুলিশ সুপার (ক্রাইম), রাজশাহী রেঞ্জসহ আরো ১২৫ জন সদস্য এ অভিযান পরিচালনা করে।
এতে আরো বলা হয়, অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছে ১১ জন ডাকাত, সন্ত্রাসবিরোধী অপরাধে জড়িত তিনজন, বিস্ফোরক আইনের এক আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৮ জন, চিহ্নিত চোর সাতজন, নিয়মিত মামলার ১১ জন এবং মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ১৩ জন।
এ ছাড়া অভিযানে একটি ধারালো রামদা, একটি লোহার ছুরি, চারটি হাসুয়া, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইলেকট্রিক করাত, আটটি লোহার রড, ১০০ পিস ট্যাপেন্ডাডল, ৪৬ লিটার চোলাই মদ, ২০ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।










