বগুড়ার শিবগঞ্জে অডিটের নামে দোকানে ঢুকে প্রতারণার মাধ্যমে টাকা চুরির অভিযোগে দুই ইরানি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ইরানি দুই যুবক হলেন আজাদ নুবাহার (৩৫) ও আরসাদ আমন (৩৮)।

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, গত ৪ আগস্ট বিকালে শিবগঞ্জের উপজেলা সদরের হৃদয় টেলিকম নামের একটি প্রতিষ্ঠানে ওই দুই ইরানী যুবকসহ চার-পাঁচজনের একটি প্রতারক চক্রের সদস্যরা উপস্থিত হন। তারা টেলিকমের মালিক দুলাল মিয়াকে বলেন তার দোকান অডিট করা হবে। পাশাপাশি প্রতারক চক্রের সদস্যরা তাদের মানিব্যাগ থেকে বিভিন্ন দেশের ডলার বের করেও দেখান। এসব কথার ফাঁকে ইরানি যুবকরা নিজেদের কাছে থাকা নেশাজাতীয় দ্রব্য দুলাল মিয়া ও তার ভাগ্নের চোখে ও মাথায় হাত বুলিয়ে দেয়। এতে তারা দুজনই বোধশক্তি হারিয়ে ফেলে তাদের কথামতো আচরণ করতে থাকেন। এ সময় প্রতারক চক্রের সদস্যদের কথামতো দুলাল তার ক্যাশ থেকে ১ লাখ টাকা বের করে দেন। টাকা নিয়ে তার এলাকা থেকে দ্রুত চলে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর ব্যবসায়ী দুলাল বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরবর্তী সময়ে তিনি পুলিশের কাছে গিয়ে ঘটনা খুলে বলেন। প্রতারণার খবর পেয়ে পুলিশ মাঠে নামে। অভিযানের একপর্যায়ে  বুধবার নওগাঁ সদর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে বগুড়ার শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয় তাদের। দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে চালান করা হয়। 

ওসি আরো জানান, দুই ইরানি যুবক ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। কিন্তু তাদের পাসপোর্টের মেয়াদ অনেক দিন আগেই শেষ হয়েছে। তারা বেশি কথা বলেন না। তবে কথাবার্তায় বোঝা গেছে তারা পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও চুরির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।