জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির মিডিয়া সেলের সম্পাদক, যুগ্ম সদস্যসচিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড মুশফিক উস সালেহীন। আজ বৃহস্পতিবার বিকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। খবর বিবিসি বাংলা।

পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা মানতে পারছেন না। এ কারণে তিনি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সম্প্রতি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি নীতিগতভাবে একমত নই।

তার মতে, এনসিপির ওই জোটে যোগদানের বিষয়টি জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র নির্মাণের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।