চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে ফিরলেন অনুপ্রবেশকারী আব্বাস মণ্ডল। গতকাল বেলা ১২টার দিকে সীমান্তের শূন্যরেখায় ৭৬ নম্বর প্রধান পিলারের কাছে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক আব্বাস মণ্ডলকে (৪০) হস্তান্তর করা হয়। আব্বাস মণ্ডল ভারতের নদীয়া জেলার ভীমপুর থানার রাঙ্গেরপোতা গ্রামের মান্দার মণ্ডলের ছেলে।
দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই আবু নাইম জানান, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আদালতে নেয়া হলে বিচারক তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। চার বছর ১৩ দিন কারাভোগ শেষে উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। আব্বাস আলীর পরিবারের পক্ষে তাকে গ্রহণ করে তার ভাইয়ের ছেলে আদম মণ্ডল।
পতাকা বৈঠকের সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার
সুবেদার জহির উদ্দিন বাবর, দর্শনা থানা পুলিশের এসআই ফজলুর রহমান ও এনজিও কর্মী ইউনুস আলী।









