ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঝালকাঠির জেলা প্রশাসনও নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছে।

আজ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ যাত্রীদের দেখার পর উপস্থিত সাংবাদিকদের ক্ষতিপূরণের কথা জানান প্রতিমন্ত্রী। তার আগে প্রশাসনের পক্ষে ক্ষতিপূরণের বিষয়ে ঘোষণা দেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, একটি লঞ্চে আগুন লেগে পুরো ভস্মিভূত হওয়ার পেছরে কোনো রহস্য থাকতে পারে। এরকম ঘটনা বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি।

তিনি আরো বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একজন যুগ্মসচিবকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে যাত্রী কল্যাণ সমিতির মাধ্যমে দেড় লাখ টাকা করে প্রদান করা হবে। সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করা হবে। আগামী সাত দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

লঞ্চে আগুনের ঘটনা তদন্তে ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।এ তথ্য জানিয়ে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, প্রত্যেক নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে।