শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯৫৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার নাখালপাড়ায় মধ্যবিত্ত মুসলিম পরিবারে তার জন্ম।
বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত ব্যক্তিজীবনে একজন সফল উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে অর্থনৈতিকভাবে ভঙ্গুর এ দেশে কর্মমুখী শিক্ষার বাস্তবায়ন তথা কর্মসংস্থানের লক্ষ্যে তিনি শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড, দৈনিক আজকের প্রত্যাশা, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শান্তনিবাস নামক শিশু ও বয়স্ক পুনর্বাসন কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। —বিজ্ঞপ্তি










