হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫১ হাজার ৩৬৯ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৪১টি। 

এদিকে, সৌদি আরবে আরো একজন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। শুক্রবার (৩১ মে) মো. নুরুল আলম (৬১) মক্কায় মারা যান। তার বাড়ি কক্সবাজারের রামুতে। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশ নয়জন হজযাত্রী মারা গেলেন।

রোববার (২ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৯ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। নয় জনই পুরুষ। মক্কায় সাত এবং মদিনায় দুইজন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১২ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।