রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, এ বছরের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা এবং ২০২৫ সালের মধ্যে এ সেতুর নির্মাণের কাজ শেষ হবে।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে পরিদর্শনে এসে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। সেতুর নির্মাণ কাজ শুরু করতে আর কোন জটিলতা নেই। জাপানের জাইকার সহযোগীতায় এ রেল সেতু নির্মাণ হবে। বর্তমানে সেতু দিয়ে ২০ কিলোমিটার বেগে রেল চলাচল করলেও ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ শেষ হলে স্বাভাবিক গতিতে যাত্রাবাহী ও পণ্য পরিবহন রেল চলাচল করতে পারবে।

এছাড়াও ঢাকার সাথে উত্তর ও পশ্চিম বঙ্গের যাতায়াত সহজ ও দ্রুত করতে জয়দেবপুর থেকে ঈশ্বরর্দী পর্যন্ত ডাবল রেল লাইনের আরেকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যার কাজও ২০২৫ সালের মধ্যেই শেষ করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন রেল সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান, পিডি কামারুল আহসাহ, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহিদ উল্লাহসহ বিভিন্ন কর্মকর্তারা।