আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ও চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। গতকাল রাজধানীর মালিবাগ সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অবৈধ অর্থ স্থানান্তর এবং অনলাইন জুয়া নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ সম্পর্কিত গবেষণা ফলাফলের প্রচার ও দুটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে সিআইডি।
মোহাম্মদ আলী মিয়া বলেন, ‘আমরা মাদক নিয়ে কার্যক্রম শুরু করেছি। মাদক সেবনকারী ও খুচরা বিক্রেতাদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। আমরা স্পেশাল ডাইমেনশন আকারে গডফাদারদের নিয়ে আসছি এবং মাদক গডফাদারদের যত অর্থ-সম্পদ আছে সেগুলো আইনের আওতায় নিয়ে আসছি। কোনোটা ফ্রিজ করেছি, আবার কোনোটা সিজ করা হয়েছে।’










