তথ্য ও সম্প্রচারমন্ত্রী এইচ ই জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ ভারতীয় হাই কমিশনের ফেসবুক পেজে জানানো হয়, সাক্ষাতে তথ্য ও সম্প্রচার খাতে গণমাধ্যম ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক অংশগ্রহণসহ দুদেশের বহুমুখী সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। জনযোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করতে দুদেশের মধ্যে গণমাধ্যম প্রতিনিধিদের সফর বিনিময় বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করা হয়েছে।

হাইকমিশনার ভারত সরকারের আইটিইসি কর্মসূচির আওতায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য বিভিন্ন সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগের প্রস্তাব দেন। এ উদ্যোগের অংশ হিসেবে শিগগিরই ভারতে বাংলাদেশের নারী সাংবাদিকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে।

সাক্ষাতে চলচ্চিত্র শিল্পে সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়েছে। যার মধ্যে রয়েছে একে অপরের দেশে চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র উৎসব আয়োজন এবং নির্মাণ ও নির্মাণ-পরবর্তী প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে পারস্পরিক অংশীদারত্ব।

হাইকমিশনার পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা শক্তিশালী করতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।