আজ সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বাড়তে পারে রাতের তাপমাত্রা। আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড অঞ্চলসহ কক্সবাজার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।খবর বাসস।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

বুধবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে।