বান্দরবানে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বিরল প্রজাতির একটি তক্ষকসহ পাচারকারীকে আটক করে আদালতে সোপর্দ করেছে বন বিভাগ। পাচারকারীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

গতকাল বিকালে জেলার উপশহর বালাঘাটা বাজার থেকে তক্ষকসহ পাচারকারীকে আটক করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক তক্ষক পাচারকারী নেপুন ম্রো। তিনি বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের চিম্বুক সড়কঘেঁষা পারিংপাড়ার চিংয়ং ম্রোর ছেলে।

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, অভিযানের আগে তক্ষক পাচার বিষয়ে গোপন সংবাদ পায় বন বিভাগ পাল্পউড প্লান্টেশন বান্দরবানের ডিএফও মো. মাহমুদুল হাসান। পরে ডিএফওর নির্দেশে তারাছা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর ৫ বেঙ্গল ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে।