দেশে কিডনি রোগে ভোগা মানুষের আনুমানিক সংখ্যা ৩ কোটি ৮০ লাখ। এ রোগীদের
বেশির ভাগকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়। ডায়ালাইসিসে ব্যবহৃত হয় এমন দুটি অত্যাবশ্যকীয়
উপকরণ হচ্ছে ডায়ালাইসিস ফিল্টার এবং ডায়ালাইসিস সার্কিট। প্রস্তাবিত বাজেটে এ দুটি
পণ্য আমদানিতে শুল্ক কমিয়ে ১ শতাংশ করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে আজ বৃহস্পতিবার (৬ জুন) এ দুটি পণ্যের শুল্ক কমানোর
প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের
বাজেট প্রস্তাবনায় তিনি এ ঘোষণা দেন।
অর্থমন্ত্রী বলেন, কিডনি রোগীর ডায়ালাইসিসে ব্যবহৃত হয় এমন দুটি অত্যাবশ্যকীয়
উপকরণ হচ্ছে ডায়ালাইসিস ফিল্টার এবং ডায়ালাইসিস সার্কিট। এ পণ্য দুটির আমদানিতে বিদ্যমান
আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে হ্রাস করে ১ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করছি। অর্থমন্ত্রীর
এ ঘোষণার পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে এ প্রস্তাবকে সাধুবাদ জানান।










