রাজশাহীর বাগমারায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাড়িগ্রাম ও ধামিন কামনগর গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো ধামিন কামনগর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে সামিউল ইসলাম (৬) ও বাড়িগ্রামের শহিদুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বাড়িগ্রামে শিশু সাকিবুল ইসলাম প্রতিবেশী এক শিশুর (৭) সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে তারা পুকুরের পানিতে গোসল করতে নামে। এ সময় সাকিবুল পানিতে ডুবে যায়। তাকে পানি থেকে তুলতে না পেরে সঙ্গে থাকা শিশুটি দ্রুত বাড়িতে এসে তার মাকে খবর দেয়। পরে সাকিবুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ধামিন কামনগর গ্রামে বেলা ১১টার দিকে শিশু সামিউল ইসলামকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন স্বজনরা। তাকে অচেতন অবস্থায় তুলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে কোনো উন্নতি না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।