মানিকগঞ্জে কলেজছাত্রী ও গৃহবধূ সুপ্রিয়া সাহা হত্যা মামলায় ৭ আসামির মধ্যে
শ্বশুর-শাশুড়িসহ তিনজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। বেকসুর খালাস পেয়েছেন সুপ্রিয়ার স্বামী দীপাঞ্জন সরকার (২৭)।
গতকাল সকাল ১১টায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামির উপস্থিতিতে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুপ্রিয়া সাহার শ্বশুর দিলীপ সরকার, শাশুড়ি গীতা সরকার ও মানিকগঞ্জ পূর্ব দাশড়া গ্রামের দিলীপ রায়ের ছেলে মহাদেব রায়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন পূর্বদাশড়া গ্রামের রবীদ্র সাহার ছেলে
রঞ্জিত সাহা, অরুণ পালের ছেলে বিষ্ণু পাল ও
রবি ঘোষের ছেলে রঞ্জিত ঘোষ।
আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ভাড়াটে খুনি দিয়ে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর রাতে সুপ্রিয়াকে হত্যা করা হয়।
এ ঘটনায় সুপ্রিয়ার বাবা সুকুমার সাহা পরদিন হত্যা মামলা করেন।









