রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ক্লাবের উদ্যোগে আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ সম্মেলন। এতে অংশ নেবেন শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকসহ প্রায় এক হাজার দুইশ জন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক রায়হানা মালিক সেঁজুতি।

তিনি বলেন, ‘অ্যাডভান্সিং নলেজ অ্যান্ড ইনোভেশন অ্যাক্রস ডিসিপ্লিন অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশন’ প্রতিপাদ্য নিয়ে এই আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে গবেষণাকে একাডেমিক অর্জনের বাইরে নিয়ে গিয়ে সামাজিক উন্নয়ন, জাতীয় অগ্রগতি ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য।

সম্মেলনে থাকবেন ৬০০ গবেষক, ৫০০ নিবন্ধিত দর্শনার্থী ও ১০০ সংগঠক। এছাড়া ভারত, পাকিস্তান, নেপাল ও যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের ১০ জন বিদেশী প্রতিনিধি যোগ দেবেন। এতে আয়োজনটি আরো বৈচিত্র্যময় হবে বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজকদের তথ্যানুযায়ী, সম্মেলনের জন্য জমা পড়েছে ১ হাজার ৬০০ এর বেশি গবেষণা সারসংক্ষেপ। এর মধ্যে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে ৩৮০টি প্রবন্ধ নির্বাচিত হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষক নিয়ে গঠিত বৈজ্ঞানিক কমিটি এ রিভিউ সম্পন্ন করেন।

সম্মেলনে থাকবে একটি বিশেষ আলোচনাসভা— ‘শেপিং দ্য ফিউচার: রিসার্চ ফর সোশ্যাল ট্রান্সফরমেশন ইন ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল কনটেক্সটস’। এতে অংশ নেবেন বিইউটির বায়োমেডিক্যাল প্রকৌশল বিভাগের প্রধান ড. মুহাম্মদ তারিক আরাফাত, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের ড. মো. জহুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ড. নাসির উদ্দিন।

সম্মেলনের প্রধান বক্তা থাকবেন কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি গণিত অলিম্পিয়াড ও প্রোগ্রামিং প্রতিযোগিতার পথিকৃৎ হিসেবেও পরিচিত।

দুই দিনে সম্মেলনে উপস্থাপন করা হবে ২৫০টি মৌখিক প্রবন্ধ, ১০০টি পোস্টার প্রেজেন্টেশন ও ৩০টি থ্রি-মিনিট থিসিস প্রেজেন্টেশন। থাকবে বিশেষ কর্মশালা, যেখানে আধুনিক গবেষণা কৌশল, একাডেমিক লেখালেখি ও গবেষণার ডিজিটাল ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রোজমেরি এভান্স।

দ্বিতীয় দিনের বিশেষ অধিবেশনে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক ১০০টিরও বেশি প্রতিষ্ঠান এ সম্মেলনে যুক্ত হচ্ছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত থাকবেন এডুকেশন ক্লাবের সাধারণ সম্পাদক আনজুম তাসনিম তটিনী ও সাবেক সভাপতি ফুয়াদ পাবলো।