ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ১৯৭৩ সালে খুলনা-৬ থেকে নির্বাচিত সংসদ সদস্য এমএ বারীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৪ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে রেখে যান। এমএ বারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে দোয়া মাহফিল ও গরিবদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

এমএ বারীর জন্ম ১৯৩৪ সালের গোপালগঞ্জের কাঠিখানার পাড়ে। তার শিক্ষাজীবন শুরু হয় খুলনা জিলা স্কুলে। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ছয় দফা বাস্তবায়নে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। পরে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। —বিজ্ঞপ্তি