শেরপুর-৩ আসনের ভোট বর্জন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখে প্রতিবেদন পাঠাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় ইসি সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ভোট বর্জনের বিষয়টি বিকাল পৌনে ৪টার দিকে জানতে পারি। জাল ভোটের অভিযোগে ভোট বর্জন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারাদিন ভোট চলার পর শেষ মুহূর্তে জাল ভোটের অভিযোগ তুলে ভোট বর্জন করা তাদের রাজনৈতিক বিষয়, এ নিয়ে কোনো মন্তব্য নেই।
তিনি আরো বলেন, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং নির্বাচনের ফল প্রকাশে দেরি না করার নির্দেশনাও দেয়া হয়েছে।
এর আগে দুপুরে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচনে কারচুপি, জাল ভোট প্রদান এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বিভিন্ন কেন্দ্রে সকালে প্রিজাইডিং কর্মকর্তারা ফলাফল শিটে স্বাক্ষর নিয়ে পরে জাল ভোট দেয়া হয়েছে এবং তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে।










