দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৯৯৬ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে এডিস মশাবাহিত রোগটিতে ২৮১ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে চলতি মাসের প্রথম ছয়দিনে মারা গেছে ৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একজন, বরিশাল বিভাগের দুজন, খুলনা বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের একজন এবং ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছে। এছাড়া চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯০ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এদিকে দেশে হামের প্রাদুর্ভাবও থামছে না। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১ হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩২ জন প্রাণ হারিয়েছে।
হামের উপসর্গে এ পর্যন্ত মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৬৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৯ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৯০, ময়মনসিংহে ৮০, বরিশালে ৬১, খুলনায় ৪৫ ও রংপুর বিভাগে ১৬ জন মারা গেছে।










