ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন সদ্য পদত্যাগ করা তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার বেলা ১১টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ওই পোস্টে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। এর ক্যাপশন অংশে লিখেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সহযোগিতা ও সমর্থন কাম্য।
আর ভিডিওতে আসিফ মাহমুদ বলেন, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ- কোনোটিই আমার নেই। আপনাদের সহযোগিতা সমর্থনই আমার একমাত্র অবলম্বন। আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি।
তিনি বলেন, আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।
এর আগে গত বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম।










