চলমান এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে পরাজিত শ্রীলংকা শুরুর সেই ধাক্কা সামলে ক্রমেই আত্মবিশ্বাসী হয়ে উঠছে। আর আত্মবিশ্বাসী সিংহলিজরা যে কতটা বিপজ্জনক হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেল পাকিস্তান। ফাইনালের ড্রেস রিহার্সালে গতকাল বাবর আজমের দলকে মাত্র ১২১ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নেয় দাসুন শানাকার দল।
রান তাড়া করতে নেমে ২৯ রানের মধ্যে কুশল মেন্ডিস, দানুস্কা গুনাতিলাকা ও ধনঞ্জয়া ডি সিলভাকে হারিয়ে বিপদে পড়ে শ্রীলংকা। কিন্তু ম্যাচের উত্তেজনা সেখানেই শেষ করে দেন পাথুম নিশাঙ্কা। তার হাফ সেঞ্চুরিতে ভর করে সহজ জয় পায় সিংহলিজরা। নিশাঙ্কা ৪৮ বলে ৫৫ রান করেন। ভানুকা রাজাপাকসে (২৪) ও শানাকা (২১) তাকে যোগ্য সঙ্গ দেন। ১৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলংকা! বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর রাউন্ডের টিকিট পাওয়া শ্রীলংকা যেন বদলে যাওয়া এক দল।
দুবাইয়ে টস জয় মানেই ম্যাচ জয়—এটাই এখন প্রমাণিত। তাই লংকান দলনায়ক শানাকা কাল টস জিতে ফিল্ডিং নিতে দুবার ভাবেননি। টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানও তাই যেন শুরুতেই হেরে বসল। সর্বশেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে ঘাম ঝরানো পাকিস্তান এবার শ্রীলংকার বিপক্ষেও দুর্বল ব্যাটিং প্রদর্শনী দেখাল। প্রথম ১০ ওভার থেকে ৬৬ আর পরের ১০ ওভার থেকে মাত্র ৫৫ রান তুলতে সমর্থ হন বাবর, রিজওয়ানরা।
শুরু থেকেই নিখুঁত বোলিংয়ে পাকিস্তানকে চাপে রাখেন লংকানরা। চতুর্থ ওভারের তৃতীয় বলে মোহাম্মদ রিজওয়ানকে (১৪ বলে ১৪) উইকেটকিপারের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান প্রামোদ মদুশান। দশম ওভারে ফখর জামান (১৮ বলে ১৩) শিকার হন চামিকা করুনারত্নের। পরের ওভারেই পাকিস্তান দলনায়ক বাবরকে ক্লিন বোল্ড করে সাজঘরের পথ দেখান হাসারাঙ্গা ডি সিলভা।
দলীয় ৬৮ রানের মধ্যে দলের তিন সেরা ব্যাটারকে হারিয়ে দিশেহারা পাকিস্তান পরে আর ফিরতেই পারেনি। মোহাম্মদ নওয়াজ (১৮ বলে ২৬) বোর্ডে কিছু রান তুলতে পারলেও হাসারাঙ্গা ও মহেশ থিকসানাদের ঘূর্ণির সামনে বাকিরা ছিলেন শোচনীয় ব্যর্থ। ৫ বল বাকি থাকতে অলআউট হয়ে যায় পাকিস্তান।
শ্রীলংকার হাসারাঙ্গা ২১ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া থিকসানা ও মদুশান দুটি করে উইকেট নেন।
আগামী রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে এই দুটি দল। উল্লেখ্য, এশিয়া কাপে শ্রীলংকা পাঁচবার ও পাকিস্তান দুবারের চ্যাম্পিয়ন। সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে ভারত।










