দুবাইয়ে গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে আইসিসি টি২০ বিশ্বকাপে এ মুহূর্তে সবচেয়ে আলোচিত দল পাকিস্তান। বিরাট কোহলিদের হারিয়ে উজ্জীবিত বাবর আজমের দলকে ৪৮ ঘণ্টার মধ্যেই ফের মাঠে নামতে হচ্ছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তার আগে বিকাল ৪টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুই আহত বাঘ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা, যারা নিজেদের প্রথম ম্যাচ হেরেছে।

রোববার দুবাইয়ে ৩১ রানে ৩ উইকেট শিকার করে ভারতকে হারানোর অন্যতম নায়ক পেসার শাহিন শাহ আফ্রিদি। তার গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জেতান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ‘গ্রুপ টু’-এ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষেও জয়ের আশায় মাঠে নামছে বাবর আজম বাহিনী। এ ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল প্রায় সুনিশ্চিত করবে পাকিস্তান। কেননা গ্রুপে পাকিস্তানের বাকি প্রতিপক্ষগুলো অপেক্ষাকৃত দুর্বল—আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়া। 

সর্বশেষ পাঁচবারের মুখোমুখিতে তিনবার জিতেছে পাকিস্তান এবং দুটিতে কিউইরা। গত বছর ২২ ডিসেম্বর শেষ দেখায় ৪ উইকেটে জিতেছে পাকিস্তান। আর টি২০ বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে পাঁচবার, তাতেও তিনবার জিতে এগিয়ে পাকিস্তান। মোহালিতে ২০১৬ সালের সর্বশেষ লড়াইয়ে জয় পায় নিউজিল্যান্ড। 

জয়ের ধারায় থাকা পাকিস্তান আজ কিউইদের বিপক্ষে একাদশে কোনো পরিবর্তন হয়তো আনছে না। কিউইরা প্রস্তুতি ম্যাচে বেশ পরীক্ষা-নিরীক্ষা করেছে। অধিনায়ক কেন উইলিয়ামসন ইঙ্গিত দিয়েছেন, স্পিন আক্রমণে মিচেল স্যান্টনার ও ইস সোধি থাকছেন। গতি বলে টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের খেলা নিশ্চিত। তাদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে থাকবেন লকি ফার্গুসন আর কাইল জেমিসনের মধ্যে একজন। আর অধিনায়ক নিজে কনুইয়ের চোট থেকে সেরে উঠে আজ খেলতে তৈরি বলে জানিয়েছেন।

শারজার পিচে আবুধাবি ও দুবাইয়ের চেয়ে বেশি রান উঠতে পারে। রোববার বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচেও তেমনটি দেখা গেছে। আর এখানে রাতের শিশির খানিকটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কাজেই এখানে টসজয়ী অধিনায়কের জন্য আগে ফিল্ডিং নেয়াটা প্রায় নিশ্চিতই। 

আজ একটি উইকেট পেলেই সাকিব আল হাসান ও লাসিথ মালিঙ্গার পর তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ হবে টিম সাউদির।

এদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সব সময়ের মতো এবারো তারকাখচিত দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে খেলতে এসেছে। যদিও প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ৫৫ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ফলে নিশ্চিতভাবেই পরাজয় বরণ করতে হয়েছে কাইরন পোলার্ডের দলকে। ফেভারিট হিসেবে নেমেও শুরুতে হোঁচট খাওয়া ক্যারিবীয়রা আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে মাঠে নামবে। 

ক্যারিবীয়দের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাও খুব স্বস্তিতে নেই। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে তারা। যদিও ক্যারিবীয়দের চেয়ে অনেকটা ভালো লড়াই করে প্রোটিয়ারা। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১১৮ রান তোলে তেম্বা বাভুমার দল। এরপর অস্ট্রেলিয়ার ৫ উইকেট তুলে নিয়ে লড়াই জমিয়ে দেন প্রোটিয়া বোলাররা। যদিও শেষ রক্ষা হয়নি, হেরে যায় বিশ্বকাপের চিরায়ত ‘চোকার’ খ্যাত দক্ষিণ আফ্রিকা।

ভুলগুলো শুধরে আজ নিজেদের সেরা খেলাটা প্রদর্শন করতে চাইবেন কুইন্টন ডি কক, কাগিসো রাবাদারা। তাই পোলার্ড-গেইলদের আরেকবার অগ্নিপরীক্ষাই দিতে হবে।

গ্রুপ ওয়ান থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে। কাজেই আরেকটি হার মানে বিদায়ের প্রহর গোনা শুরু হবে; সেটা উভয় দলের জন্যই প্রযোজ্য।

এদিকে বিশ্বকাপে গতকাল দিনের একমাত্র ম্যাচে স্কটল্যান্ডকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯০ রানের সৌধ গড়ে আফগানরা। নজিবউল্লাহ জাদরান ৩৪ বলে ৫৯, রহমতউল্লাহ গুরবাজ ৩৭ বলে ৪৬ ও হজরতউল্লাহ জাজাই ৩০ বলে ৪৪ রান করেন।

এরপর আফগান স্পিন বিষে ‘নীল’ স্কটিশরা। মুজিব উর রহমান ২০ রানে ৫টি ও রশিদ খান ৯ রানে ৪টি উইকেট নিয়ে দলের স্মরণীয় জয় নিশ্চিত করেন। আফগানদের ঘূর্ণিঝড়ের সামনে ১০.২ ওভারে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড।