সাতক্ষীরায় মাটিবাহী ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এছাড়া পাবনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু এবং টাঙ্গাইলে দুই অটোরিকশার সংঘ‌র্ষে এক শিক্ষকের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

সাতক্ষীরা: সদর উপজেলার বিনেরপোতায় আবদুর রহমান কলেজের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয় মাটিবাহী ট্রাক। ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। আহত অন্যজনকে ফায়ার সার্ভিসকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। গতকাল সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক আজিজুর রহমান গাজী (২৮)। তার বাড়ি যশোরের ঝিকরগাছার কীর্তিপুর গ্রামে। তিনি সাতক্ষীরা সদরের মাধককাটি গ্রামে শ্বশুরবাড়ি থাকতেন। অন্য দুজন হলেন তালা উপজেলার জেঠুয়া গ্রামের সামছুর রহমান ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সুজন সাহা গ্রামের আবদুল আজিজের ছেলে আবদুস সেলিম (৩৫)।

আজিজুর রহমানের শাশুড়ি সখিনা খাতুন জানান, তার জামাতা কয়েক বছর ধরে তাদের বাড়িতে থেকে ভাড়ায় মোটরসাইকেল চালাত। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে দুজন যাত্রী নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে তালা উপজেলায় যাচ্ছিল। পথে বিনেরপোতায় আবদুর রহমান কলেজের সামনে মাটি বহনকারী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

সাতক্ষীরা সদর থানার এসআই বিশ্বজিৎ সরকার জানান, ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা যায়নি।

পাবনা: ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা‌ পরস্পর বন্ধু ও কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আজমপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার বনগ্রামের আশিক রহমান ও শাকিব হাসান। তারা দুজনই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী।

পাকশী হাইওয়ে থানার এসআই মেহেদী হাসান জানান, অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষে পাকশীতে ঘুরতে বের হন কয়েকজন বন্ধু। এ সময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুরে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে দুই মোটরসাইকেলের। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরো দুজন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল: জেলার ভূঞাপু‌রে দুই অটোরিকশার সংঘ‌র্ষে আব্দুল আলীম নামে এক শিক্ষক‌ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ছেলে আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চ‌লিক সড়কের কাগমারীপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম ভূঞাপুর প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক এবং উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চরের আব্দুল কুদ্দুসের ছেলে।

প্রভাতী কিন্ডারগা‌র্টেনের শিক্ষক এমকে হাতেম জানান, ওই শিক্ষক টাঙ্গাইলের বাসা থেকে অটোরিকশা করে ভূঞাপুরে যাচ্ছিলেন। এ সময় কাগমারীপাড়া ব্রিজের কাছে অন্য একটি অটো‌রিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এএসআই আলমগীর জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।