প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রঙ ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি গঠন অথবা ডিলার নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া।
বৈঠকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালিত কার্যক্রমে হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি দিনাজপুরের রাণীরবন্দরে তাঁত বোর্ডের অফিসের কার্যক্রম এবং সংশ্লিষ্ট জমিগুলো লিজ বা অন্য কোনোভাবে বরাদ্দ দেয়া হয়েছে কিনা—তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। কমিটি প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতাহার অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সব কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার সুপারিশ করে। এছাড়া কাজের স্বচ্ছতা, সততা ও জবাবদিহি নিশ্চিত করতে একই প্রতিষ্ঠানকে বারবার কাজ না দিয়ে অন্যান্য সক্ষম প্রতিষ্ঠানকেও দরপত্রে অংশ নেয়ার সুযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়।










