ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় চলে গিয়েছিল ১৯ বাংলাদেশী জেলেকে বহনকারী একটি ট্রলার। ১৫ দিনের মাথায় তাদের উদ্ধার করে কোস্টগার্ডের কাছে ফেরত দিয়েছে ভারতীয় কোস্টগার্ড।

আজ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার হওয়া ওই ট্রলার ও জেলেদের কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে (মোংলা) নিয়ে আসা হয়। পরে ট্রলার মালিককে তার ট্রলার ও জেলেদের বুঝিয়ে দিয়েছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন। উদ্ধার হওয়া ট্রলার মালিক ও জেলেদের বাড়ি কক্সবাজারে।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, ১৫ নভেম্বর চট্টগ্রাম থেকে এফভি রানা নামের ফিশিং ট্রলারটি ১৯ জন জেলে নিয়ে গভীর সাগরে মাছ ধরার জন্য যায়। ২৩ নভেম্বর ট্রলারটির প্রপেলর ভেঙে যায়। এরপর ভাসতে ভাসতে সেটি চলে যায় ভারতীয় জলসীমায়। প্রায় ১৫ দিন মাঝ সমুদ্রে ভাসার পর ভারতীয় কোস্টগার্ড ওই ট্রলারটি দেখতে পায়। গত ৮ ডিসেম্বর ট্রলারটি উদ্ধার করে ৯ ডিসেম্বর ভোর ৬টায় বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় টহলরত কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে তারা।