ডাকসুর এ নির্বাচনের মাধ্যমে জুলাই ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র ভিপিপ্রার্থী সাদিক কায়েম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ভোটারদের বলবো, আপনারা কেন্দ্রে আসেন, পছন্দের প্রার্থীকে ভোট দিন। এখানে আমরা যারা নির্বাচন করছি, সবাই আমরা জুলাইয়ে সহযোদ্ধা ছিলাম। আমরা আশা করছি, সবাই দায়িত্বশীল আচরণ করবে। এ নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হবে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হবে।

এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে এই ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণের শুরুতেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে ছাত্রীদের কেন্দ্রগুলোতে সকাল থেকে দীর্ঘ সারি দেখা যায়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।