রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ শক্তিশালী ভূমিকম্প আঘান হেনেছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। আর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এরইমধ্যে ভূমিকম্পে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আরমানিটোলা কসাইটুলি ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে গিয়েছে। ভবনের কোনো ক্ষতি সাধন হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল। ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোনো হতাহত পায়নি।

খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন কর্তৃক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কোনো কাজ করতে হয়নি।

বারিধারা ব্লক-এফ, রোড-৫ এ একটি বাসা বাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা জানা যায়নি।

সূত্রাপুর স্বামীবাগ আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কলাবাগানের আবেদখালী রোডে একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবন ঠিক আছে, লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল।

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসা বাড়িতে আগুন লেগেছে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে গিয়েছে।