ঢাকায় বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস কক্সবাজারে পৌঁছেছেন। শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা। সেখানে পৌঁছে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করা হয়। এ সম্পর্কিত একটি সারসংক্ষেপ উপস্থাপন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তারা জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠা-নামা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।










