রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র বর্মণ।

ডেপুটি রেজিস্ট্রার বলেন, আজ সকাল ১০টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য দপ্তর বরাবর পদত্যাগ পত্র জমা দেন রেজিস্ট্রার তারিকুল হাসান।

এ ব্যাপারে ড. তারিকুল হাসানের ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক বলেন, আমি এখনো পদত্যাগপত্র পাইনি। তবে তিনি পদত্যাগ করেছেন সেটি শুনেছি।

উল্লেখ্য, ক্লাস চালু বিষয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে চেষ্টা করেও রাবি সমন্বয়করা রেজিস্ট্রারকে ফোনে পাননি। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, পেছনের তারিখে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে স্বাক্ষর করার অভিযোগ উঠেছিল রেজিস্ট্রারের বিরুদ্ধে। ফলে আজ বেলা ১১টার মধ্যে পদত্যাগের জন্য আলটিমেটাম দেন রাবির সমন্বয়ক পরিষদ।