ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে বেসরকারি ইসলামী ব্যাংক, সম্প্রতি একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দলীয় পরিচয়ধারী ব্যক্তিদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা যায়। গত ১৭ জানুয়ারি বিএনপির চিঠির প্রেক্ষিতে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে দলটিকে চিঠি দেয় ইসি।

চিঠিতে বলা হয়, গত ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত করা ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বাদ দিয়ে নতুন প্যানেল প্রস্তুতের জন্য সব জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। তবে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা পাওয়া না গেলে প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেয়া যেতে পারে বলেও উল্লেখ করা হয়।

এ নির্দেশনার আলোকে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্ত করার জন্য সোমবার (২৬ জানুয়ারি) সব রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।