জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কার্যকর নির্বাচন ব্যবস্থা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা কার্যকর করতে হলে জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন আনা দরকার।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে অবস্থিত মেট্রোপলিটন চেম্বারে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আপিল বিভাগের রায়, সংবিধান সংস্কার ও সংস্কার পরিষদ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার বলেন, আশা করি অতীত থেকে শিক্ষা নেবেন রাজনীতিবিদরা। জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। সেটাই সরকারের মেনে নেয়া দরকার। তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদই নির্ধারণ করবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মাধ্যমে ১৬ বছরের স্বৈরাচারী ব্যবস্থার সূচনা হয়েছিল মন্তব্য করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মামলার আইনজীবী ড. শরীফ ভূঁইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের দলীয় বিচারপতিরা বিকৃত রায় দিয়েছিলেন।
তিনি আরো বলেন, ১৬ বছরের স্বৈরাচারী ব্যবস্থার শুরু হয়েছিল খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে। সেই সঙ্গে দলীয় বিচারকদের রায়ে সংকটের শুরু হয়। এর দায় এড়াতে পারেনা সুপ্রিম কোর্টও। আপিল বিভাগ তার ভুল বুঝতে পেরে আগের রায়টি বাতিল করে সংশোধন করেছেন।
সংবাদ সম্মেলনের শেষাংশে বদিউল আলম মজুমদার বলেন, আশা করব, তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নির্বাচন করার ক্ষেত্রে জুলাই সনদ অনুযায়ী বাস্তবায়নে প্রজ্ঞার পরিচয় দেবে রাজনৈতিক দলগুলো।










