চাঁটগাইয়া ভাষায় কবিতা আবৃত্তি, ছড়া, গান ও নাচ পরিবেশনার মধ্য দিয়ে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে ‘আঁরা চাঁটগাইয়া’র সংস্কৃতি উৎসব। সাংস্কৃতিক এ সংগঠনটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। গতকাল সকালে জেলা শিশু নিকেতন চত্বরে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সন্ধ্যায় শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।