বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) ও বন অধিদপ্তরের মধ্যে ৪০ বছরের জন্য রাবার বাগানের লিজ নবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে সরকারের আয় বাড়ার পাশাপাশি ভূমি জবরদখল রোধ ও জলবায়ু সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
চুক্তিতে বিএফআইডিসিকে ১৮টি রাবার বাগানের জন্য ৩৮ হাজার ১৮৪ দশমিক ৪৮ একর জমি বিভিন্ন সময়ে বাস্তব হস্তান্তর করা হয়। তবে ২০০৩ সালে লিজ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এটি নবায়ন করা প্রয়োজন ছিল।
অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই চুক্তির মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়বে, ভূমি জবরদখল রোধে আইনগত জটিলতা দূর হবে। একইও সঙ্গে প্রাকৃতিক রাবার চাষ জলবায়ু পরিবর্তনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তিতে বন অধিদপ্তরের পক্ষে স্বাক্ষর করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী ও বিএফআইডিসির পক্ষে কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










