বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দায়িত্ব নেয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনো আপস করিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত উপদেষ্টার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, আপনাদের সম্পর্কে অসম্ভব খারাপ ধারণা নিয়ে এসেছিলাম। আজ আমি গ্র্যাটিচিউড নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি আপনারা দেশের সম্পদ। সঠিক নেতৃত্ব থাকলে আপনারা (কর্মকর্তারা) কাজ করতে পারেন, সেটাই আপনারা প্রদর্শন করেছেন।
কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদেরকে যে পরিবর্তন এনে দিয়েছে সেই পরিবর্তনটা আপনাদের আচরণে আসতে হবে। কেউ অন্যায্য কাজ করাতে চাইলে আপনাদেরকে বলতে হবে এটা সম্ভব না। অথবা বিনয়ের সঙ্গে বলতে হবে এভাবে কাজটা হওয়া উচিৎ।
তিনি বলেন, আমি নিশ্চিত ১৮ তারিখ নতুন নেতৃত্ব আসার দিনটি হবে বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য উদযাপনের। নতুন মন্ত্রীকে যে নেতৃত্ব দেখাতে হবে সেই কাজে তাকে দয়া করে সহায়তা করবেন। তার সঙ্গে দ্বিমত পোষণ করতে চাইলে দয়া করে করুন, কিন্তু তাকে বলুন।
উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনো আপস করিনি, কখনো করবোও না। দেশের জন্য কাজ করেছি। আমাদের সন্তানদের জন্য কাজ করেছি। মন্ত্রণালয়ের সব উইং, দফতর ও সংস্থা সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পেরেছি। এ সুখস্মৃতি নিয়ে আমি এখান থেকে আমার কাজে ফিরে যেতে পারছি।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খান ,অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার , বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান স্মৃতিচারণ করে অনুষ্ঠানে বক্তব্য দেন।
বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং এর বিভিন্ন দফতরের সংস্থার প্রধানরা অংশগ্রহণ করেন।










