ঈদের তৃতীয় দিন শনিবার সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে নয়জন। নিহতদের অধিকাংশই মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনার সত্যতা পুলিশের সংশ্লিষ্ট থানা নিশ্চিত করেছে।

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। গতকাল বাহুবল উপজেলার ডাকবাংলো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ও বাহুবল উপজেলায় হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের আমতলীতে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদীর রায়পুরার দেলোয়ার হোসেনের ছেলে সালমান (২৯), কামাল মোল্লার ছেলে সাইল মোল্লা (২২) ও চুনারুঘাট পৌরসভায় বাগবাড়ী এলাকার দুবাই প্রবাসী মিজানুর রহমানের মেয়ে নিহা আক্তার (৬)। নিহা বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে পড়ত।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবীর জানান, দুজন আরোহী মোটরসাইকেল নিয়ে সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে ইউনিক পরিবহনের সিলেটমুখী একটি বাস মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। অন্যদিকে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, দুর্ঘটনার পর নিহার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন। গতকাল রাত ২টার দিকে আলমডাঙ্গা উপজেলার পারলক্ষ্মীপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বুড়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে খালিদ হোসেন (১৮) ও একই গ্রামের আরিফুল ইসলামের ছেলে তামিম হোসেন (১৮)। আহত সজিব আলী (১৯) চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, ‘নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় আরেক বন্ধু মারাত্মক আহত হয়েছে। গতকাল বিকালে মধুপুর উপজেলার কাকরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। একপর্যায়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কাকরাইদ এলাকায় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন প্রাণ হারায়। আহত হয় বাকি দুই বন্ধু।

ওসি আরো বলেন, ‘তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।’

নড়াইল: নড়াইল সদর উপজেলা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তপু ঘোষ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়। গতকাল রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের মূলদাইড় ঘোষবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তপু ঘোষ সদর উপজেলার মূলদাইড় গ্রামের সঞ্জিত ঘোষের ছেলে।

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের বারো আউলিয়া ও ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো তিনজন। গতকাল বিকল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেগুনবাড়ী এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২৬) ও ওই এলাকার নুর ইসলামের ছেলে নয়ন ইসলাম (১৪)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, ‘বিকালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নয়ন ও হাসপাতালে নেয়ার পথে মোস্তাফিজুর মারা যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আফজাল হোসেন (৬০) ও জাকারিয়া (২৩) নামে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরো চারজন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের বিশকানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আফজাল পার্শ্ববর্তী জেলা বরগুনার বড়ইতলা ও জাকারিয়া চরপাড়া এলাকার বাসিন্দা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।