রাজধানী ঢাকার তুরাগের শুকুরভাঙায় ১০ তলা একটি আবাসিক ভবনের ৫ম তলায় আগুন লেগেছিল। আজ ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সম্পূর্ণ নিভে যায় সকাল ৭টা ১৫ মিনিটে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। উত্তরা ফায়ার স্টেশনের ২টি, পল্লবীর ২টি, টঙ্গীর ২টি এবং কুর্মিটোলার ১টি— মোট ৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।
আগুনে ৫ তলার উপরের বাসিন্দাদের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে প্রথমে ভবনের ছাদে নেয়া হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনার পর নিরাপদে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনা হয়।
মোট ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে ৫ জন সামান্য আহত হয়েছেন। কারো অবস্থা গুরুতর নয়।
বৈদ্যুতিক গোলযোগকে আগুন লাগার কারণ হিসেবে দেখিয়েছে ফায়ার সার্ভিস।
এ আগুনে আনুমানিক ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা। এছাড়া, আনুমানিক উদ্ধারের পরিমাণ ১ কোটি ৫০ লাখ টাকা।









