বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে এসএস রোডের দলীয় কার্যালয়ে কোরআন খতম, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ
দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকাল ৪টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য
ডা. হাবিবে মিল্লাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার,
পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর দ্বিতীয় সন্তান মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জের কুড়িপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে যুববিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই জাতীয় রাজনীতিতে যাত্রা শুরু হয় তার। ১৯৮৭ সালের সম্মেলনে দলের প্রচার সম্পাদক মনোনীত হন। ১৯৯২ ও ১৯৯৭ সালের সম্মেলনে তিনি দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০২ ও ২০০৮ সালে অনুষ্ঠিত দলের সম্মেলনে তাকে দলের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত করা হয়েছে। ২০১২ সালের সম্মেলনে তিনি দলের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদের পাশাপাশি ১৪ দলের মুখপাত্রের দায়িত্বও পালন করেন।
প্রয়াত মোহাম্মদ নাসিম ১৯৮৬ সালে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসন থেকে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর এ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০২০ সালের এ দিনে রাজধানীর শ্যামলী বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এছাড়াও কাজীপুর, কামারখন্দ, বেলকুচি, চৌহালি, উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, শাহজাদপুর উপজেলায়ও তার স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়েছে।









