দেশের উদ্ভূত সার্বিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) পুনরাদেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বশেমুরবিপ্রবিতে ছাত্রদের আজ বিকেল ৫টা এবং ছাত্রীদের আগামীকাল সকাল ১০টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। ইবিতে ছাত্রদের আজ দুপুর ১টা এবং ছাত্রীদের আগামীকাল সকাল ১০টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। আর হাবিপ্রবিতে সব শিক্ষার্থীকে আজ ৩টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।  

বুধবার (১৭ জুলাই) সকালে পৃথক পৃথক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সদস্যদের অনেকে ভার্চুয়ালি এবং সশরীরে অংশ নেন।

কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এ নির্দেশনা বাস্তবায়ন করবে। গতকাল মঙ্গলবার রাতে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের পাঠানো হয়েছে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।