ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সকালে শৈলকুপার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার বিপ্লব হোসেন, হাফিজুর রহমান, আলামিন হোসেন, সাইফুল ইসলাম, অনিক হোসেন, ইদ্রিস আলী ও ফরিদ হোসেনসহ ১০ জন।

স্থানীয়রা জানায়, আজ সকাল ১০টা থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১১টার দিকে সাবেক কাউন্সিলর শফিউদ্দিন ও বর্তমান কাউন্সিলর সাইফুল ইসলামের সমর্থকদের ভোট ক্যানভাস করা নিয়ে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পৌর কাউন্সিলর সাইফুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।