ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে সেক্টর পর্যায়ে এক সৌজন্য বৈঠকে অংশ নিতে ভারতে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল। বিএসএফের হিলি সীমান্ত ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএসএফের আমন্ত্রণে গতকাল বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোবারক হোসেন ও রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খানের নেতৃত্বে বিজিবির প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।

বৈঠকে অংশ নেয়ার জন্য বিজিবির প্রতিনিধি দলটি গতকাল সীমান্তের শূন্যরেখায় পৌঁছলে তাদের ফুল দিয়ে বরণ করে বিএসএফ প্রতিনিধিরা। তারপর বিজিবির প্রতিনিধিদের নিয়ে হিলি বিএসএফ ক্যাম্পে পৌঁছায় বিএসএফ।

বৈঠকে সেক্টর কমান্ডার ছাড়াও উপস্থিত ছিলেন বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়ন অধিনায়ক ও ভারতের পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক এবং অন্য স্টাফ অফিসাররা।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান জানান, বিএসএফের নতুন সেক্টর কমান্ডার ও বিজিবির নতুন সেক্টর কমান্ডারের মাঝে সৌজন্য সাক্ষাৎ করতে বিজিবির একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছে।