বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে হানা দিয়ে পাঁচ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গতকাল শনিবার রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি ফিশিং ট্রলারসহ জেলেদের তুলে নিয়ে যায় বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী।
অপহৃত জেলেরা হলেন শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)। অপহরণের পর তাদের আর কোনো খবর পাওয়া যায়নি।
শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে উঠে কয়েকটি মাছ ধরার ট্রলার শ্যালার চরের কালামিয়া ও নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নেয়। রাত সাড়ে ৮টার দিকে অস্ত্রধারী বনদস্যুরা জেলেবহরে হানা দেয়।
তিনি বলেন, দস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অন্য দুটি ট্রলার থেকে আরো দুই জেলেকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অপহৃত জেলেদের মহাজন বাবুল মাঝি বলেন, দস্যুরা এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি। জেলেদের কোথায় নেয়া হয়েছে, সেটিও জানা যায়নি। এ ঘটনায় অপহৃত জেলেদের পরিবারে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, জেলেদের অপহরণের খবর তারা পেয়েছেন। বিষয়টি কোস্টগার্ড পশ্চিম জোনকে জানানো হয়েছে। বনদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় কোস্টগার্ড ও বন বিভাগ যৌথভাবে টহল জোরদার করেছে।










