এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৮৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ২০ হাজার ৮০ টাকা।
সোমবার (১৫ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে। আজ রোববার (১৪ জুলাই) প্রতি ভরি ভালো মানের স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকায়।
রোববার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।










